বারহাট্টায় পুকুরে মিলল ভাসমান নবজাতকের মরদেহ

বারহাট্টায় পুকুরে মিলল ভাসমান নবজাতকের মরদেহ

প্রতিকি ছবি

নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরের হাফেজিয়া দারুল উলুম মাদরাসার পুকুর থেকে ভাসমান এক নবজাতকের (ছেলে) মরদের উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ওসি চম্পক দাম।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয়রা রেললাইনের পাশের মাদরাসার পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় নবজাতকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে বারহাট্টা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি চম্পক দাম জানান, নবজাতকটি আনুমানিক দুই থেকে তিন দিন বয়সী হবে। আমরা খবর পেয়েই উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছি। যেহেতু অজ্ঞাত তাই আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হবে নবজাতকের মরদেহ।

এছাড়া এ ঘটনায় অপরাধীদের খোঁজ করা হচ্ছে।