তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে: জামায়াত সেক্রেটারি

তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে: জামায়াত সেক্রেটারি

ফাইল ছবি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (১ জুন) এক বিবৃতিতে তিনি জানান, গত মাসে এক দফা জ্বালানি তেলের দাম ৮ থেকে ১২ শতাংশ পর্যন্ত বাড়ানোর পর আবারও মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন।

তিনি দাবি করেন, আগের মূল্যবৃদ্ধির প্রভাবেই চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষের আয় না বাড়লেও বেকারত্ব ও অর্থনৈতিক সংকট বাড়ছে।

এ অবস্থায় নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানো জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, সরকার এ মাসে জ্বালানি তেলের দাম না বাড়ানোর আশ্বাস দিয়েছিল। সেই অবস্থান থেকে সরে এসে মূল্যবৃদ্ধি করা হলে তা জনগণের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গের শামিল হবে।

তিনি অভিযোগ করেন, বাজেট অধিবেশনের প্রাক্কালে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনস্বার্থবিরোধী পদক্ষেপ।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যে এ সিদ্ধান্ত দেশের জন্য নতুন সংকট সৃষ্টি করতে পারে।

বিবৃতিতে তিনি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান