খড়ে পিছলে যায় মোটরসাইকেল, পিকআপচাপায় প্রাণ গেল দু’জনের
ফাইল ছবি
জয়পুরহাটের ক্ষেতলালে একটি দ্রুতগতির পিকআপভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিশ্চিন্তা-চানপাড়া সড়কের খড়িকাটা খারিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- কালাই উপজেলার সড়াইল খন্দকার পাড়া গ্রামের তাজুল ইসলাম খন্দকারের ছেলে ইমন খন্দকার (২৯) হারুঞ্জ গ্রামের শামছুলের ছেলে ফেরদৌস হোসেন (১৩)।
ওসি মুক্তারুল ইসলাম জানান, নিহত ইমন খন্দকার তার স্ত্রী সুরাইয়া ও শ্যালক ফেরদৌস হোসেনকে নিয়ে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে পাঁচবিবি উপজেলার খালার বাসায় দাওয়াতে যাচ্ছিলেন। পথে সড়কে খড় পড়ে থাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে পড়ে যায়। এ সময় চানপাড়া থেকে ছেড়ে আসা একটি পিকআপ মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই ইমন খন্দকার নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত ফেরদৌস হোসেনকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সুরাইয়া কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।