সন্ধ্যা ৭টার পরও হোটেল-রেস্তোরাঁ চালু রাখার সিদ্ধান্ত
একটি খাবারের হোটেল/ফাইল ছবি
বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।তবে খাবার হোটেল, রেস্তোরাঁ, হাসপাতাল ও ওষুধের দোকান এ নির্দেশনার আওতার বাইরে থাকবে।
বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সোমবার (১ জুন) বিদ্যুৎ বিভাগ শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশনা জারি করে। দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে এই নির্দেশনার চিঠি পাঠানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এর আগে শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা, সব ধরনের বিলবোর্ডের বাতি সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করা এবং দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান একই সময়ের মধ্যে শেষ করার নির্দেশনা জারি করা হয়েছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে ওই সময়সীমা সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়।ৃ
ঈদ উপলক্ষে দেওয়া বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে আগের সিদ্ধান্ত পুনরায় কার্যকর করা হয়েছে। ফলে রাত ১০টার পরিবর্তে এখন থেকে সব শপিংমল, মার্কেট ও দোকানকে সন্ধ্যা ৭টার মধ্যে কার্যক্রম শেষ করতে হবে।
ৃএছাড়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা, দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।
ৃতবে খাবার হোটেল, রেস্তোরাঁ, ওষুধের দোকান এ নির্দেশনার বাইরে থাকবে। ফলে এসব প্রতিষ্ঠান তাদের স্বাভাবিক সময়সূচি অনুযায়ী সন্ধ্যা ৭টার পরও কার্যক্রম পরিচালনা করতে পারবে।