বগুড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিকী ছবি

বগুড়ার কাহালু উপজেলায় অজ্ঞাত একটি কাভার্ডভ্যানের ধাক্কায় তামিম হোসেন (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার মুরইল বাসস্ট্যান্ড এলাকায় আরেফিন জুটমিলের সামনে বগুড়া-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম হোসেন বগুড়া সদর উপজেলার এরুলিয়া উত্তরপাড়া এলাকার খোকন হোসেনের ছেলে। তিনি পেশায় রেফ্রিজারেটর মিস্ত্রি ছিলেন।  আহত শামীম হোসেন (১৮) একই এলাকার ফজলুর রহমানের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাহালু থানার ওসি শফিকুল ইসলাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে তামিম তার বন্ধু শামীম হোসেনকে নিয়ে মোটরসাইকেলে করে মুরইল এলাকা থেকে কাহালু বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মুরইল বাসস্ট্যান্ড এলাকায় আরেফিন জুটমিলের সামনে পৌঁছালে একটি অজ্ঞাত কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই বন্ধু সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তামিম হোসেনের মৃত্যু হয়।  স্থানীয়রা আহত শামীমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

ওসি শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। পরে পরিবারের সদস্যরা তামিমের লাশ বাড়িতে নিয়ে যান।  আহত শামীমকে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে যায়। যানবাহনটির চালক ও সংশ্লিষ্ট গাড়িকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।