সব সদস্যরাষ্ট্রের সভাপতি হিসেবে কাজ করব: খলিলুর রহমান

সব সদস্যরাষ্ট্রের সভাপতি হিসেবে কাজ করব: খলিলুর রহমান

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

ব্যক্তিগত মতামত বা পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠে বিশ্বমঞ্চে সব সদস্যরাষ্ট্রের সমান প্রতিনিধি হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

মঙ্গলবার (২ জুন) নির্বাচনে বিজয়ের পর জাতিসংঘ সদর দফতরে দেয়া বক্তৃতায় নবনির্বাচিত সভাপতি খলিলুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি অত্যন্ত বিনয় ও শ্রদ্ধার সঙ্গে এই গুরুদায়িত্ব গ্রহণ করেছি। আমি সাধারণ পরিষদকে আশ্বস্ত করতে চাই, আমি পক্ষপাতহীনভাবে সব সদস্যরাষ্ট্রের সভাপতি হিসেবে কাজ করব। আমার ব্যক্তিগত কোনো মতামতকে সভাপতির দায়িত্ব পালনে বিন্দুমাত্র প্রভাব ফেলতে দেব না। যে কোনো মতপার্থক্যকে পাশে ঠেলে আমি সবার ঐকমত্যের ভিত্তিতে অভিন্ন পথ খোঁজার চেষ্টা করব।’

আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ৮১তম অধিবেশনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ উল্লেখ করে খলিলুর রহমান বলেন, ‘এই অধিবেশনে জাতিসংঘের সংস্কার, পরবর্তী প্রজন্মের বৈশ্বিক উন্নয়ন এজেন্ডার প্রস্তুতি এবং জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনের মতো অত্যন্ত বড় ও স্পর্শকাতর বিষয়গুলো সামনে আসবে। একই সঙ্গে আমাদের জলবায়ু পরিবর্তন, ভূ-রাজনৈতিক উত্তেজনা, জ্বালানি নিরাপত্তাহীনতা এবং ক্রমবর্ধমান উন্নয়ন বৈষম্যের মতো বিদ্যমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলোও মোকাবিলা করতে হবে।’

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নিজের ভিশন স্টেটমেন্টে শান্তি, টেকসই উন্নয়ন, জলবায়ু সহনশীলতা, মানবাধিকার রক্ষা, ডিজিটাল শাসন ও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বহুপাক্ষিকতার পুনরুজ্জীবনসহ ছয়টি প্রধান অগ্রাধিকারের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

নিজের কার্যালয় পরিচালনার বিষয়ে খলিলুর রহমান জানান, ভৌগোলিক অবস্থান, লিঙ্গ সমতা এবং ভাষার ভারসাম্যের বিষয়টি মাথায় রেখে তিনি তার দফতর গোছাবেন। বিশেষ করে ছোট দেশগুলোর প্রতিনিধি দলের সহায়তায় তার দফতরে একটি বিশেষ সেল গঠন করা হবে। এ ছাড়া সাধারণ পরিষদের কাজের সুবিধার্থে সভাপতির ট্রাস্ট ফান্ডে অবদান রাখতে সদস্যরাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

জাতিসংঘের কর্মকাণ্ডে জনমানুষের আস্থা বাড়াতে গণমাধ্যমের ভূমিকার ওপর বিশেষ জোর দিয়ে তিনি বলেন, ‘জাতিসংঘের সাফল্যগাথা মানুষের কাছে পৌঁছে দেয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো সংবাদ মাধ্যম। আমি গণমাধ্যমের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমার দরজা সবসময় সবার জন্য খোলা থাকবে।’