ফুটবল বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব পেল বাংলালিংক, খেলা দেখা যাবে টফিতে

ফুটবল বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব পেল বাংলালিংক, খেলা দেখা যাবে টফিতে

ছবিঃ সংগৃহীত।

আসন্ন ফুটবল বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব অর্জন করেছে বাংলালিংক ও টফি। এর ফলে দেশের ফুটবলপ্রেমীরা অনলাইন প্ল্যাটফর্ম টফির মাধ্যমে বিশ্বকাপের সব গুরুত্বপূর্ণ ম্যাচ সরাসরি উপভোগ করার সুযোগ পাবেন।

বুধবার (৩ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।

তিনি বলেন, বিশ্বকাপ ফুটবলের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পাওয়ার মাধ্যমে দেশের ফুটবলপ্রেমীদের জন্য সহজে খেলা দেখার সুযোগ তৈরি হয়েছে। বাংলালিংকের গ্রাহকরা টফিতে বিশ্বকাপের ম্যাচগুলো দেখতে পারবেন।

সবকিছু ঠিক থাকলে আগামী ১১ জুন মাঠে গড়াবে ফিফা বিশ্বকাপ ২০২৬। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। তিন দেশে অনুষ্ঠিত এই বিশ্বকাপে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে ৪৮ দল।

জানা গেছে, বাংলাদেশে ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্বের জন্য ১ কোটি ২৩ লাখ মার্কিন ডলার (প্রায় ১৫০ কোটি ৯৮ লাখ টাকা) দাবি করেছিল ফিফার সংশ্লিষ্ট পক্ষগুলো। এর সঙ্গে কর, অগ্রিম আয়কর ও ভ্যাট যুক্ত হলে মোট ব্যয়ের পরিমাণ প্রায় ২০০ কোটি টাকায় গিয়ে পৌঁছাতে পারে।

বিপুল পরিমাণ এই অর্থের কারণে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভি কিংবা দেশের অন্য কোনও বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এখন পর্যন্ত এই চুক্তিতে সম্মত হতে পারেনি।

তবে তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্যয় সংকোচন করে দেশে বিশ্বকাপ সম্প্রচারের চেষ্টা এখনও চলমান রয়েছে। বর্তমানে দেশের কয়েকটি বেসরকারি সম্প্রচারমাধ্যম যৌথভাবে স্বত্ব নেয়ার বিষয়ে আলোচনা চালাচ্ছে।