চট্টগ্রামে চোরাই কয়লাসহ দুটি নৌকা জব্দ
প্রতিকি ছবি
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন টন চোরাই করা খনিজ কয়লা ও দুটি কাঠের নৌকা জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কোস্টগার্ড পূর্ব জোন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার দুপুরের দিকে পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। এ সময় সন্দেহজনক দুটি কাঠের নৌকা তল্লাশি চালিয়ে প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৩ টন খনিজ কয়লা উদ্ধার করা হয়। পাশাপাশি চোরাচালান কাজে ব্যবহৃত দুটি কাঠের বোটও জব্দ করা হয়।
তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা কয়লা ও নৌকার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছে কোস্টগার্ড।