দূষিত শহরের শীর্ষে জাকার্তা, ঢাকার বাতাস ‘সহনীয়’
ফাইল ছবি
বছরের অধিকাংশ সময়ই ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে অবস্থান করে। বিশেষ করে শীত ও শুষ্ক মৌসুমে বায়ুদূষণ তীব্র আকার ধারণ করে। তবে বর্ষাকালেও রাজধানীবাসী নিয়মিত নির্মল বাতাস পাচ্ছেন না বলে সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে ঢাকার বায়ুর মান তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সকাল ৮টার তথ্যে এ চিত্র উঠে এসেছে।
আইকিউএয়ারের প্রকাশিত বিশ্বের ১২৫টি শহরের বায়ুমান সূচকে ঢাকার অবস্থান ছিল ১১তম। এ সময় রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ছিল ৯৪, যা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ পর্যায়ের মধ্যে পড়ে।
বায়ুমান সূচক অনুযায়ী, স্কোর ০ থেকে ৫০ হলে বাতাসকে ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা মাঝারি বা সহনীয় হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। আর ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ ধরা হয়।
এদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ইন্দোনেশিয়ার জাকার্তা, যার স্কোর ১৭৩। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৭১। এছাড়া চিলির সান্তিয়াগো (১৪৩), ভারতের দিল্লি (১৪২), ভিয়েতনামের হ্যানয় (১৩২), ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা (১২৯) এবং দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ (১২৮) দূষণের উচ্চমাত্রার শহরগুলোর মধ্যে রয়েছে।
অন্যদিকে, সবচেয়ে নির্মল বাতাসের শহর হিসেবে তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। শহরটির স্কোর ছিল মাত্র ৯।