দাখিল নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময় বাড়ল

দাখিল নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময় বাড়ল

ছবি: সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে অধ্যয়নরত এবং ২০২৭ সালের দাখিল পরীক্ষার রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। বিশেষ বিবেচনায় এসব শিক্ষার্থীকে মাদরাসার মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন, সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ এবং ই-এসআইএফ (e-SIF) পূরণের সুযোগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৪ জুন) থেকে আগামী ২৮ জুন পর্যন্ত বিলম্ব ফিসহ অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে। তবে ফি সিস্টেমে জমা হওয়ার পরই নতুন শিক্ষার্থীদের তথ্য আপলোডের জন্য এন্ট্রি অপশন চালু হবে।

এ ছাড়া শিক্ষার্থীদের চূড়ান্ত তথ্য (e-SIF) এন্ট্রির শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুন পর্যন্ত। বর্ধিত সময়ের মধ্যে কেবল বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে। আগে এন্ট্রিকৃত কোনো শিক্ষার্থীর তথ্য সম্পাদনা বা বাতিল করার সুযোগ থাকবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

রেজিস্ট্রেশন ফি পরিশোধ বা তথ্য এন্ট্রি সংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে অফিস চলাকালীন সময়ে প্রতিষ্ঠানের নিজস্ব ইআইআইএনভিত্তিক সিম নম্বর ব্যবহার করে ০১৭১৩-০৬৮৯০৯ অথবা ০১৫১৬-১১৯৩৬০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে বোর্ডের অধিভুক্ত সব মাদরাসা প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড।