বীরগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
ফাইল ছবি
দিনাজপুরের বীরগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় রাকিবুল ইসলাম রাকিব নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর-পঞ্চগড় সড়কের ছোট বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ইসলাম রাকিব, উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সাদুল্যাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি বীরগঞ্জে ফিরছিলেন রাকিব।
পথে সাতোর ইউনিয়নের ছোট বটতলী এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ঘটনাটি নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।