ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ভ্যান, চালক নিহত
ফাইল ছবি
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় ব্যাটারিচালিত ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে (খালে) পড়ে আলমগীর হোসেন (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের শিতলী বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন হরিণাকন্ডু উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সদর থানার ওসি মো আসাদউজ্জামান।
প্রত্যাক্ষদর্শী নজরুল ইসলাম মন্ডল জানান, আলমগীর হোসেন বাড়ি থেকে নিজের ভ্যানটি নিয়ে উপজেলার শাখারীদহ বাজারে মুরগির বাচ্চা কেনার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে তিনি শিতলী এলাকায় পৌঁছালে ভ্যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। মুহূর্তের মধ্যে ভ্যানসহ তিনি সড়কের পাশে গভীর খালে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান।
তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ এমরান তন্বী জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ভ্যানচালক আলমগীর হোসেন মারা গেছেন।