বগুড়ায় পচা ও বাসি দই বিক্রির অভিযোগে জরিমানা

বগুড়ায় পচা ও বাসি দই বিক্রির অভিযোগে জরিমানা

ফাইল ছবি

 

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা ও বাসি দই সংরক্ষণ এবং বিক্রির অভিযোগে 'শেরপুর দই ঘর' নামের একটি দইয়ের শো-রুমকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মহানগরের সাতমাথা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।  

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বগুড়া জেলা কার্যালয় ও জেলা নিরাপদ খাদ্য অধিদফতর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

জানা গেছে, বৃহস্পতিবার মহানগরের সাতমাথা খান্দার রোডস্থ শেরপুর দই ঘরে অভিযান চালানো হয়।

এ সময় প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে পচা ও বাসি দই সংরক্ষণ এবং বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের প্রতিষ্ঠানের ম্যানেজার আনিসুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, পচা ও বাসি দই বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।  

অভিযানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রাসেল ও জেলা পুলিশের সদস্যরা।