বগুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেফতার

বগুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেফতার

প্রতিকি ছবি

 

বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলভার, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) রাতে উপজেলার চৌমুহনী এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- বগুড়ার কাহালু উপজেলার পুগইল গ্রামের মো. ইমরান হোসেন (৩০), দুপচাঁচিয়া উপজেলার নওদাপাড়া গ্রামের মো. সোহেল (২৮), কাহালু উপজেলার চানপুর গ্রামের মো. রাব্বী হাসান (২১) এবং একই উপজেলার পাঁচপীর নলঘরিয়া গ্রামের মো. হালিম (২০)।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী এলাকার একটি বাড়িতে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ জনের ডাকাত দলটি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে ডাকাত দলের এই চার সদস্যকে গ্রেফতার করা হয়।

বাকিরা পালিয়ে যায়। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি রিভলবার, একটি চাইনিজ কুড়াল, একটি কাটার, দুটি বার্মিজ চাকু ও ২টি গামছা উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে একটি বড় ধরনের ডাকাতির ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, সম্প্রতি শিবগঞ্জ ও নন্দীগ্রাম থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনার সঙ্গে তারা প্রত্যক্ষভাবে জড়িত।

তিনি আরও জানান, প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা আছে। পলাতক বাকি ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।