কেন্দুয়ায় খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত, নারী আটক

কেন্দুয়ায় খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত, নারী আটক

প্রতিকি ছবি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় জামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার গণ্ডা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত পক্ষের একজন নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শিশুদের খেলাধুলা নিয়ে একই গ্রামের বাসিন্দা জামাল মিয়া ও সুজন মিয়ার পরিবারের নারীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ ঘটনার জেরে দুই পরিবারের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে দুপুরের দিকে বিরোধ নতুন করে সংঘর্ষে রূপ নিলে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে জামাল মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত সুজন মিয়া পালিয়ে গেলেও এলাকাবাসী তার স্ত্রী অযুফা আক্তারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে প্রথমে দুই পরিবারের নারীদের মধ্যে ঝগড়া হয়। পরে বিষয়টি পুরুষ সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত জামাল মিয়াকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অযুফা আক্তারকে আটক করা হয়েছে এবং পলাতক সুজন মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।