কক্সবাজারে ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোডাউন
সংগৃহীত
পর্যটন নগরী কক্সবাজারে ফুটবল সমর্থনের চিত্রে দেখা যাচ্ছে নতুন সমীকরণ। একসময় যেখানে ব্রাজিল সমর্থকদের আধিপত্য ছিল স্পষ্ট, সেখানে এখন আর্জেন্টিনা ভক্তদের উপস্থিতিই বেশি চোখে পড়ছে। সেই জনপ্রিয়তার শক্তিশালী বহিঃপ্রকাশ ঘটেছে টেকনাফে।
শুক্রবার (৫ জুন) বিকেলে পাঁচ শতাধিক মোটরসাইকেলের বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে টেকনাফ শহর ও মেরিন ড্রাইভ সড়ক প্রদক্ষিণ করেন আর্জেন্টিনা সমর্থকেরা। পরে সমুদ্রসৈকতের বালুচরে ১০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা উড়িয়ে প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থনের জানান দেন তারা।
বিশ্বকাপ শুরুর প্রাক্কালে সমর্থকদের প্রত্যাশা, ২০২২ সালের বিশ্বকাপ জয়ের গৌরবগাথার পুনরাবৃত্তি ঘটবে ২০২৬ সালেও। তাদের বিশ্বাস, লিওনেল মেসির নেতৃত্বে আবারও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ ট্রফি উঠবে আর্জেন্টিনার হাতে।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে প্রায় ৫০০ মোটরসাইকেল নিয়ে নিজেদের উপস্থিতি জানান দিয়েছিলেন স্থানীয় ব্রাজিল ফুটবল ভক্তরা। সেটাকে টেক্কা দিতেই কক্সবাজারের টেকনাফে মেসি ভক্তদের এই মহাসমারোহের আয়োজন। শোভাযাত্রাটি টেকনাফ স্থলবন্দর এলাকা থেকে শুরু হয়ে দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত গন্তব্যে পৌঁছায়। পুরো পথজুড়ে ছিল সমর্থকদের স্লোগান, উচ্ছ্বাস আর বিশ্বকাপ জয়ের স্বপ্ন। আর্জেন্টিনার পতাকা, জার্সি ও নানা রঙের ব্যানারে সজ্জিত সমর্থকদের এমন বর্ণিল আয়োজন নজর কেড়েছে পর্যটক ও স্থানীয়দের।
আর্জেন্টিনার সমর্থক ইব্রাহীম বলেন, 'আজকে টেকনাফে যা হয়েছে, সেটা যেন আমাদের জন্য ছোটখাটো ঈদের মতো। দোকানপাট বন্ধ রেখে, কাজকর্ম ফেলে হাজার হাজার মানুষ এখানে এসে জড়ো হয়েছে শুধু প্রিয় দল আর্জেন্টনাক সমর্থন জানাতে। আমাদের ধারণা, ৫০০-এর বেশি মোটরসাইকেলসহ প্রায় ২-৩ হাজার মানুষ এই উদযাপনে অংশ নিয়েছে।'
আরেক সমর্থক সরওয়ার আলম বলেন, 'আজকের পরিবেশটা পুরোপুরি উৎসবমুখর। টেকনাফজুড়ে হাজার হাজার মানুষ একসাথে আর্জেন্টিনাকে নিয়ে উচ্ছ্বাস করছে। সব খেলোয়াড়ই ভালো ফর্মে আছে। আমরা আশাবাদী, ইনশাআল্লাহ এবারও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে।'
ভক্তদের বিশ্বাস, ইতিহাস বিপক্ষে থাকলেও আবারও বিশ্বজয়ের পুনরাবৃত্তি মার্কিন মুলুকেই ঘটাবেন লিওনেল মেসিরা।
আর্জেন্টাইন ভক্তদের বিশাল এই র্যালি ছাড়াও বিশেষ আকর্ষণ ছিল ১০০ ফুট দীর্ঘ পতাকার বিশেষ প্রদর্শনী। টেকনাফ সমুদ্রসৈকতের বালিয়াড়িতে তারা ফিরিয়ে আনেন ২০২২ বিশ্বকাপ জয়ের সুখস্মৃতি।
আয়োজকদের অন্যতম হেলাল উদ্দিন বলেন, 'খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য এবং ইতিবাচক বিনোদনের পরিবেশ গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।'
এদিকে, বর্ণাঢ্য বাইক শোভাযাত্রার পর টেকনাফে আয়োজন করা হয় একটি জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। প্রাণবন্ত সব পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো সৈকত এলাকা। গান, উচ্ছ্বাস আর ফুটবলপ্রেমে মেতে ওঠা দর্শনার্থীরা উপভোগ করেন এক আনন্দঘন ও স্মরণীয় বিকেল।