ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ব বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন (২২) উপজেলার রানিয়ারা বিঞ্চুপুর গ্রামের গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে। অভিযুক্ত বন্ধু সাব্বির হোসেন একই এলাকার আলমগীর হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, নিহত ও অভিযুক্ত দুজনই দীর্ঘদিনের পরিচিত এবং বন্ধু ছিলেন।
নিহতের পরিবার জানায়, গত বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি সেলুনে এক যুবককে মারধরের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছিলেন আনোয়োর হোসেন। এ নিয়ে বন্ধু সাব্বিরের সঙ্গে আনোয়ারের কথা কাটাকাটি হয়। বিষয়টি মীমাংসা জন্য শুক্রবার বিকালে উভয়পক্ষকে উপস্থিত হবার কথা থাকলেও আনোয়ার উপস্থিত হননি। এর জের ধরে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আনোয়ারকে একটি অটোরিকশা থেকে নামিয়ে বুকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত আনোয়ারকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মেশকাতুজ্জয়ামান তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা গিয়াস উদ্দিন চৌধুরী অভিযোগ করে বলেন, ‘প্রতিবাদ করায় আমার ছেলেকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।’
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা জানান, পূর্ব শত্রুতার জেরে বন্ধুর হাতে বন্ধু নিহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।