গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে পা বিচ্ছিন্ন, হাসপাতালে নেওয়ার পথে যুবকের মৃত্যু

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে পা বিচ্ছিন্ন, হাসপাতালে নেওয়ার পথে যুবকের মৃত্যু

প্রতিকি ছবি

গাইবান্ধায় চলন্ত ট্রেনে কাটা পড়ে রিপন মিয়া (৩৫) নামে এক যুবকের এক পা পুরোপুরি বিচ্ছিন্ন ও অন্য পা থেঁতলে যাওয়ার ঘটনা ঘটেছে। গুরুতর আহত হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই ওই যুবক মারা যান।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বোনারপাড়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার দলদিয়া গ্রামের দুদু মিয়ার ছেলে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে রিপন মিয়া মানসিক সমস্যায় ভুগছিলেন। কোনো কারণ ছাড়াই রিপন এদিক-সেদিক ঘুরে বেড়াতেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া এসে যাত্রা বিরতি দেয়। পরে বোনারপাড়া স্টেশন থেকে গাইবান্ধার দিকে ছেড়ে যাওয়ার সময় সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয় রেলওয়ে পুলিশ। অবস্থা গুরুতর হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে সেখানে নিয়ে যাওয়ার পথেই মারা যান রিপন মিয়া।

বিষয়টি নিশ্চিত করে বোনারপাড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জিয়া বলেন, ধারণা করা হচ্ছে, ট্রেনের দরজায় হাতল ধরে তিনি দাঁড়িয়ে ছিলেন। অবসাবধানতাবশত পড়ে গিয়ে ট্রেনের নিচে পা দুটি কাটা পড়ে। রংপুর মেডিকেল হাসপাতালে নেওয়ার পথেই মারা যান রিপন।

তিনি আরও বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।