অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে যুক্তরাজ্য যাচ্ছেন অধ্যাপক ড. নাহরিন

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে যুক্তরাজ্য যাচ্ছেন অধ্যাপক ড. নাহরিন

ড. নাহরিন ইসলাম খান

বিশ্বের অন্যতম প্রভাবশালী বিতর্ক ও বুদ্ধিবৃত্তিক সংগঠন অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে যুক্তরাজ্য যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক এবং বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের সদস্য ড. নাহরিন ইসলাম খান।

অক্সফোর্ড ইউনিয়নের ট্রিনিটি টার্ম ২০২৬-এর প্রকাশিত কর্মসূচি থেকে এ তথ্য জানা গেছে। সম্প্রতি প্রকাশিত টার্ম কার্ডের ৮৮ নম্বর পাতায় ‘The Student-Led Uprising and the Future of Post-Revolutionary Bangladesh’ শীর্ষক একটি প্যানেল আলোচনায় বক্তা হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৪ জুন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিতব্য এ আলোচনায় বাংলাদেশের ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান, পরবর্তী রাজনৈতিক বাস্তবতা এবং দেশটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে।

প্যানেলে ড. নাহরিন ইসলাম খানের পাশাপাশি সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও ডাকসুর ভিপি সাদিক কায়েম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ এবং অন্তর্বর্তী সরকারের গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য ড. নাবিলা ইদ্রিস অংশ নেবেন।

অক্সফোর্ড ইউনিয়নের প্রকাশিত পরিচিতিতে ড. নাহরিন ইসলাম খানকে একজন পরিবেশবিজ্ঞানী, শিক্ষাবিদ এবং নীতিনির্ধারণ-সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে অধ্যাপনার পাশাপাশি পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নবিষয়ক গবেষণায় যুক্ত রয়েছেন।

অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তিনি সশরীরে অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখ্য, ১৮২৩ সালে প্রতিষ্ঠিত অক্সফোর্ড ইউনিয়ন বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ বিতর্ক সংগঠন। আন্তর্জাতিক রাজনীতি, সমাজ, অর্থনীতি ও সমসাময়িক বৈশ্বিক নানা ইস্যুতে আলোচনার জন্য প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী পরিচিত। বিভিন্ন সময়ে রাষ্ট্রপ্রধান, নোবেলজয়ী, গবেষক, লেখক ও প্রভাবশালী ব্যক্তিত্বরা সংগঠনটির মঞ্চে বক্তব্য দিয়েছেন।