চবিতে ন্যাশনাল মুট কোর্ট কম্পিটিশনে চ্যাম্পিয়ন ঢাবি

চবিতে ন্যাশনাল মুট কোর্ট কম্পিটিশনে চ্যাম্পিয়ন ঢাবি

সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘চতুর্থ প্রফেসর ড. খবির উদ্দিন আহমেদ ন্যাশনাল মুট কোর্ট কম্পিটিশন ২০২৬’। এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

৫ ও ৬ জুন চবি আইন অনুষদে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল ‘ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ল’। দেশের ৪২টি বিশ্ববিদ্যালয়ের ৬৩টি দলের মধ্যে বাছাই শেষে ১৬টি দল মূল পর্বে অংশ নেয়।

চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় দলের সদস্য ছিলেন জান্নাতুল মাওয়া সূচি, জায়েদ ইকরাম ও নাফিসা তাবাস্সুম। রানার্সআপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দলের সদস্য ছিলেন মাশরুরা হক ওয়াফা, মুমতাহিনা ইমরোজ ও সাকিব হোসেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন: বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বিচারপতি রেজাউল করিম, চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাফর উল্লাহ তালুকদার। অতিথিরা তাদের বক্তৃতার মাধ্যমে এরকম একাডেমিক প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

উল্লেখ্য, মুট কোর্ট আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি একাডেমিক প্রতিযোগিতা, যেখানে তারা কাল্পনিক মামলায় বিচারকদের সামনে আইনগত যুক্তি উপস্থাপন করেন। এর মাধ্যমে গবেষণা, আদালতে মামলা পরিচালনা ও মৌখিক উপস্থাপনার দক্ষতা বৃদ্ধি পায়।