অবৈধ পুশইন ঠেকাতে সুনামগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি
সংগৃহীত
ভারত থেকে সম্ভাব্য পুশইন (ঠেলে দেওয়া) প্রতিরোধে সুনামগঞ্জ সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৬ জুন) মধ্যরাত থেকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্ত এলাকায় টহলের পাশাপাশি স্থানীয় জনসাধারণকে মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করছেন তারা।
বিজিবি সূত্র জানায়, সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন ৯০ কিলোমিটার সীমান্তের মধ্যে ছয়টি স্থানে কাঁটাতারের বেড়া না থাকায় এলাকাগুলো তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ। এসব অরক্ষিত পয়েন্টে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, “অবৈধ অনুপ্রবেশ বা জোরপূর্বক ঠেলে দেওয়া প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সজাগ থাকার আহ্বান জানিয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।”
তিনি জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব ইউনিট সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।