যুক্তরাষ্ট্রে উৎসবস্থলের কাছে ২ বন্দুকধারীর গোলাগুলি, আহত ১২

যুক্তরাষ্ট্রে উৎসবস্থলের কাছে ২ বন্দুকধারীর গোলাগুলি, আহত ১২

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি উৎসবস্থলের কাছে দুই বন্দুকধারীর গোলাগুলির ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। ঘটনার পর একাধিক সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ।

স্থানীয় সময় শনিবার (৬ জুন) ওহাইও’র টলেডোতে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে টলেডো পুলিশ বিভাগ বলেছে, ‘গুলি চলার খবর পাওয়ার পর ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যালের কাছে পুলিশ সদস্যরা গুলিবিদ্ধ একাধিক ব্যক্তিকে খুঁজে পান।’

তবে ওই ঘটনায় কেউ নিহত হয়েছেন কি না কিংবা আহতদের অবস্থা সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দুই ব্যক্তি একে অপরকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। এক সংবাদ সম্মেলনে পুলিশ লেফটেন্যান্ট ড্যান গারকেন বলেন, ‘আমি অনেক ঘটনার স্থলে গিয়েছি, এ ঘটনা সবকিছুকে ছাড়িয়ে গেছে।’

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহভাজনদের খুঁজে বের করতে অভিযান চলছে। পুলিশ ডেপুটি চিফ জোসেফ হেফারনান তদন্তকে ‘খুবই সক্রিয়’ উল্লেখ করে বলেন, ‘আমাদের কাছে কিছু প্রমাণ রয়েছে এবং আমরা কয়েকটি সূত্র ধরে এগোচ্ছি।’

পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, বেশ কয়েকজন ভুক্তভোগীকে চিকিৎসার জন্য কাছাকাছি বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নেয়া হয়েছে। পুলিশ স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স