যুক্তরাষ্ট্রে ১ কেজি ঢ্যাঁড়শের দাম ৯০০০ টাকা!

যুক্তরাষ্ট্রে ১ কেজি ঢ্যাঁড়শের দাম ৯০০০ টাকা!

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ বা ভারতের মানুষের কাছে খুবই সাধারণ ও সস্তা একটি সবজি ঢ্যাঁড়শ। মধ্যবিত্তের নিত্যদিনের খাবারের তালিকায় আলু-পটোল-ঢ্যাঁড়শের তরকারি কিংবা ভাজি থাকাটাই স্বাভাবিক। কিন্তু এই অতি সাধারণ সবজিই যদি বিদেশের বাজারে গিয়ে বিলাসী খাবারে রূপ নেয়, আর তার দাম আকাশ ছুঁয়ে ফেলে, তবে অবাক হওয়াই স্বাভাবিক।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি সুপার মার্কেটে গিয়ে ঠিক এই অভিজ্ঞতাই হয়েছে এক ভারতীয় যুবকের। সেখানে মাত্র ৮৫ গ্রাম ওজনের প্যাকেটজাত ঢ্যাঁড়শের (okra) দাম দেখে তার চোখ চড়কগাছ। ভারতীয় মুদ্রায় হিসাব করে তিনি দেখেন, সেখানে প্রতি কেজি ঢ্যাঁড়শের দাম পড়ছে প্রায় ৭ হাজার ২৫০ রুপি (বাংলাদেশি মুদ্রায় নয় হাজার টাকার বেশি)! আর এই অভিজ্ঞতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া ইনস্টাগ্রাম ভিডিওতে দেখা যায়, ওই যুবক যুক্তরাষ্ট্রের একটি সুপার মার্কেটের ভেতরে দাঁড়িয়ে রয়েছেন। সেখানে তাকের ওপর সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে প্যাকেটের পর প্যাকেট ঢ্যাঁড়শ। তবে এগুলো আমাদের দেশের মতো কাঁচা সবজি নয়। ঢ্যাঁড়শগুলো ভালোমতো ভেজে, তাতে লবণ ও বিশেষ মসলা মিশিয়ে কুড়কুড়ে স্ন্যাক্স বা চিপস বানিয়ে প্যাকেটে ভরা হয়েছে।

ভিডিওতে যুবক বলেন, ‘আমরা ভারতে ঢ্যাঁড়শকে একদম সাধারণ প্রতিদিনের সবজি হিসেবে খেয়ে বড় হয়েছি। কিন্তু যুক্তরাষ্ট্রে দেখুন, তারা এটিকে স্রেফ ভেজে, একটি ছোট ব্যাগে প্যাক করে শেলফে রেখে দিয়েছে এবং রাতারাতি এটি একটি প্রিমিয়াম স্ন্যাক্স হয়ে গেছে! মাত্র ৮৫ গ্রামের দাম চাচ্ছে সাড়ে ছয় ডলার (মার্কিন ডলার)। অর্থাৎ ভারতীয় মুদ্রায় এর দাম প্রায় ৬০০ রুপি। এই হিসাবে এক কেজির দাম পড়ে ৭ হাজার ২০০ রুপিরও বেশি!’

ইনস্টাগ্রামে ভিডিওটি আপলোড করার পর থেকে এখন পর্যন্ত আড়াই লাখেরও বেশি মানুষ এটি দেখেছেন। লাইক ও মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে ভিডিওর কমেন্ট বক্সে। কেউ কেউ অবাক হয়েছেন, আবার অনেকেই বিষয়টিকে বেশ রসাত্মকভাবে নিয়েছেন।

এক নেটিজেন মন্তব্য করেন, ঢ্যাঁড়শকে কেউ আগে বলেনি যে সে নিজেকে এত দামি করে তুলতে পারে। এটি আসলে ঢ্যাঁড়শের পারসোনালিটি ট্যাক্স!’

তবে একজন ভিন্ন মত পোষণ করে লিখেছেন, ‘মার্কিনিদের জন্য এটি খুব একটা দামি নয়। কারণ তাদের আয় অনেক বেশি এবং এটি একটি স্বাস্থ্যকর খাবার।’ অন্য একজন আবার রসিকতা করে পরামর্শ দিয়েছেন, ‘ভাই, এখনই ঢ্যাঁড়শ আমদানি-রপ্তানির ব্যবসা শুরু করে দাও!’