কসবায় আনোয়ার হত্যার প্রধান আসামি কক্সবাজারে গ্রেফতার

কসবায় আনোয়ার হত্যার প্রধান আসামি কক্সবাজারে গ্রেফতার

প্রতিকি ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আনোয়ার হোসেন হত্যায় অভিযুক্ত প্রধান আসামি সাব্বির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৭ জুন) মধ্যরাত ১টার দিকে কক্সবাজার সদর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে সাব্বিরের বাবা আলমগীর হোসেনকেও গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ।  

সংশ্লিষ্টরা জানান, গত শুক্রবার রাতে উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকায় পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ইউনিয়নের রানিয়ারা বিষ্ণুপুর গ্রামের গিয়াসউদ্দিন চৌধুরীর ছেলে আনোয়ার হোসেনকে ছুরিকাঘাত করে তার বন্ধু সাব্বির হোসেন। পরে স্থানীয়রা আনোয়ারকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাত ১০টার দিকে নিহতের পিতা গিয়াসউদ্দিন সাব্বির হোসেন ও তার বাবা আলমগীর হোসেনকে আসামি করে কসবা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর প্রযুক্তির সহায়তায় ৪ ঘণ্টার মধ্যেই কক্সবাজার সদরে সাব্বিরের অবস্থান শনাক্ত করে কসবা থানা পুলিশ।

পরে কক্সবাজার সদর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।  

কসবা থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন, আনোয়ার নিহতের ঘটনায় তার পিতা হত্যা মামলা দায়ের করেছেন। আমরা দ্রুত দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।