সুন্দরবনে আগুনের তাপে শুঁটকি তৈরি করছিল অবৈধ জেলেরা

সুন্দরবনে আগুনের তাপে শুঁটকি তৈরি করছিল অবৈধ জেলেরা

সংগৃহীত ছবি

সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা চলাকালে বিষ প্রয়োগ করে মাছ শিকার এবং তা দিয়ে শুঁটকি তৈরির অভিযোগে একটি অবৈধ আস্তানার সন্ধান পেয়েছে বন বিভাগ। অভিযান চালিয়ে দুই বস্তা শুঁটকি, চার বোতল কীটনাশক, দুটি ডিঙি নৌকা এবং মাছ আহরণ ও শুঁটকি তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। একই সঙ্গে ধ্বংস করে দেওয়া হয়েছে অবৈধ ওই আস্তানা।

শনিবার সন্ধ্যায় পূর্ব সুন্দরবনের চরাপুটিয়া বন কার্যালয়ের আওতাধীন শিয়ালা নদীর অফিস খাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে জেলে পরিচয়ে থাকা দুর্বৃত্তরা সুন্দরবনের গভীরে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

চরাপুটিয়া বন কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, একদল অসাধু ব্যক্তি নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে সুন্দরবনে প্রবেশ করে কীটনাশক ব্যবহার করে মাছ শিকার করছিল। পরে বনের ভেতরে বিশেষভাবে তৈরি মাচায় আগুনের তাপে সেই মাছ শুকিয়ে শুঁটকি প্রস্তুত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে শুঁটকি, কীটনাশক, নৌকা ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয় এবং অবৈধ স্থাপনাটি ভেঙে ফেলা হয়।

তিনি আরও জানান, অভিযানের সময় ঘটনাস্থলে থাকা ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত পালিয়ে যায়। তাদের শনাক্ত ও আটকের জন্য বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সুন্দরবনের জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও বন্যপ্রাণীর নিরাপদ প্রজনন নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য সুন্দরবনে বনজীবী ও পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ।