নওগাঁয় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৪
প্রতিকি ছবি
নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে আব্দুল হামিদ (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মেহের আলী শাহের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরিকান জমি নিয়ে আব্দুল হামিদের সঙ্গে প্রতিবেশী হায়দার আলী শাহের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিষয়ে আদালতে মামলাও বিচারাধীন রয়েছে। রবিবার সকালে হায়দার আলী শাহের নেতৃত্বে কয়েকজন লোক দেশীয় অস্ত্র নিয়ে বিরোধপূর্ণ জমিতে হালচাষ করতে যান।
এ সময় আব্দুল হামিদ সেখানে গিয়ে বাধা দিলে তাকে লাঠি দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা উজ্জ্বল হোসেন বলেন, আব্দুল হামিদের ভোগদখলে থাকা জমি দখলের উদ্দেশ্যে প্রতিপক্ষের লোকজন সেখানে হালচাষ করতে যায়। বাধা দিতে গেলে তাকে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হায়দার আলী শাহ (৬২), আপেল মাহমুদ (২৫), আলেফা বিবি (৫০) ও আব্দুল মতিনকে (৪০) আটক করেছে পুলিশ।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।