মাইজদী পৌর বাজারে ভেজাল চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা
সংগৃহীত ছবি
নোয়াখালীর জেলা শহর মাইজদী পৌর বাজারে অভিযান চালিয়ে বরফাক্ত পানি প্রবেশ করিয়ে ওজন বাড়ানো ১৪২ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৭ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনওয়েজ তানভীর। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাইজদী পৌর বাজারে কয়েকজন অসাধু ব্যবসায়ী চিংড়ি মাছের ভেতরে বরফাক্ত পানি প্রবেশ করিয়ে ওজন বৃদ্ধি করে বিক্রি করছেন— এমন গোপন সংবাদের ভিত্তিতে মাছ বাজারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় ইসমাইল ও বাহার নামে দুই ব্যবসায়ীর কাছে থাকা চিংড়ি মাছে বরফাক্ত পানির অস্তিত্ব পাওয়া যায়। পরে তাদের কাছ থেকে ১৪২ কেজি চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়। একই সঙ্গে ভোক্তা অধিকারবিরোধী ও জনস্বার্থপরিপন্থী কর্মকাণ্ডের দায়ে ওই দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনওয়েজ তানভীর বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ভেজাল ও প্রতারণার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানস মণ্ডল, পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক আবদুল করিম মুক্তা এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা।