‘বেস্ট ফ্রেন্ড’ কে আজ স্মরণ করেছেন তো?
ছবি: সংগৃহীত
চলতি জীবনে বন্ধু অনেকেই হয়। স্কুল-কলেজ কিংবা ভার্সিটি জীবনে বন্ধু হয়, একসঙ্গে কাজ করতে গিয়ে কর্মক্ষেত্রেও কেউ কেউ বন্ধু হয়ে যান। আবার সোশ্যাল মিডিয়ার নীল-সাদা জগতেও অনেকে বন্ধু হন। তবে সব বন্ধু হৃদয়ে সমান জায়গা করে নেয় না। কেউ কেউ থাকে একটু বেশি কাছের। যাকে মন খুলে সব বলা যায়, মন খারাপের বিকেলের যাকে স্মরণ করা যায়। এমন খুব কাছের বন্ধুকেই ইংরেজিতে ‘বেস্ট ফ্রেন্ড’ বলে। আর আজ সেই সেরা বন্ধু মানে বেস্ট ফ্রেন্ডকেই স্মরণ করার দিন। কেননা আজ ৮ জুন পালিত হচ্ছে বেস্ট ফ্রেন্ড দিবস।
জীবনের সব পর্যায়েই মানুষের একজন প্রিয় বন্ধু থাকে যার সঙ্গে সব অনুভূতি ভাগ করা যায়। যাকে অনেকে ভালোবেসে ‘বেস্টি’ ও বলে ডাকেন। খাঁটি বাংলায় কেউ কেউ যাকে ‘জিগরি দোস্ত’ বলে সম্বোধন করেন। আজকের দিনটি সেই বিশেষ সম্পর্ককে আরও একবার মনে করিয়ে দেওয়ার দিন।
যাদের বেস্ট ফ্রেন্ড জীবন থেকে হারিয়ে গেছে তাদের জন্যও আজকের দিনটি বিশেষ। পুরনো স্মৃতি মনে করে সেই ‘হারিয়ে যাওয়া বন্ধু’টিকে সম্মান জানানোর আবেগঘন সময় আজ।
বিশেষজ্ঞরা বলেন, বেস্ট ফ্রেন্ড এমন একজন মানুষ যিনি একাকীত্ব, দুঃখ বা হতাশার সময়ে পাশে থাকেন। আবার জীবনের আনন্দের মুহূর্তেও সমানভাবে অংশ নেন। কোনো সমস্যায় পড়লে নিঃসংকোচে তার সঙ্গে সেই কথা বলা যায়। বন্ধু শুধু সান্ত্বনা দেয় না, বরং ছোট ছোট বিষয়েও খেয়াল রাখে— কখনো মন ভালো করে দেয়, কখনো নিঃশব্দে পাশে দাঁড়ায়।
বন্ধুর জন্য আলাদা কোনো দিন লাগে না। তবুও প্রিয় বন্ধুকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানানোর জন্য আজকের দিনটি বেছে নিতে পারেন। হঠাৎ বন্ধুর সঙ্গে দেখা করে তাকে চমকে দিতে পারেন। ফোনেও পুরনো দিনের মতো দীর্ঘালাপে মেতে উঠতে পারেন। চাইলে বন্ধুকে নিয়ে চা-কফি বা ফুচকা খেতেও বের হতে পারেন।
প্রিয় বন্ধুকে স্মরণ করার সুন্দর দিন আজ। তাই তার সঙ্গে কথা বলুন, পুরনো স্মৃতি ভাগ করুন এবং জানিয়ে দিন— আপনার জীবনে তিনি কতটা গুরুত্বপূর্ণ।