ঝালকাঠিতে জেলা রোভার স্কাউটের মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত
সংগৃহীত ছবি
ঝালকাঠিতে জেলা রোভার স্কাউটের উদ্যোগে গ্রুপ সভাপতি ও রোভার স্কাউট লিডারদের (আরএসএল) অংশগ্রহণে মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, মানবিক মূল্যবোধ চর্চা এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে রোভার স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়।
সোমবার (৮ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
জেলা রোভার স্কাউটের সভাপতি ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রোভার স্কাউটিংয়ের কার্যক্রম, লক্ষ্য-উদ্দেশ্য এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় মূল উপস্থাপক হিসেবে গুঠিয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম এলটি রোভার স্কাউটিং বিষয়ে বিস্তারিত ধারণা তুলে ধরেন।
এ সময় বক্তব্য দেন জেলা রোভার স্কাউটের সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, ঝালকাঠি মহিলা কলেজের অধ্যক্ষ ইলিয়াস বেপারী, ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল কাইয়ুম, হেমায়েত উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মু. শফিকুল ইসলাম, বরিশাল জেলা রোভার স্কাউটের সহকারী কমিশনার কিশোর চন্দ্র বালা, ঝালকাঠি জেলা রোভার স্কাউটের যুগ্ম সম্পাদক এস এম রেজাউল করিম এবং ইয়ং লিডার মো. আলামিন।
কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গ্রুপ সভাপতি, রোভার স্কাউট লিডার ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, রোভার স্কাউটিং শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি বিকাশ, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বৃদ্ধি এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জেলা রোভার স্কাউটের সম্পাদক মোহাম্মদ মাসুম কর্মশালাটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে জেলার রোভার কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।