চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫০

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫০

ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়ায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (৮ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উখিয়া উপজেলার মরিচ্যা পাগলির বিল এলাকার নুরুল ইসলামের ছেলে ও বাসচালক মোহাম্মদ আলী (২৫) এবং পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকার মঞ্জুর আলমের আট মাস বয়সী ছেলে মোহাম্মদ ইয়াহিয়া।

চকরিয়া মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, দুর্ঘটনায় বাস দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মালুমঘাট মেমোরিয়াল হাসপাতাল ও চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী ‘এভারগ্রিন’ পরিবহনের একটি এসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ‘চকরিয়া সার্ভিস’ মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মিনিবাসটি দুমড়ে-মুচড়ে যায়। বাসটির উপরের অংশ সড়কে ছিটকে পড়ে এবং মূল কাঠামো রাস্তার পাশের ফুটপাতে গিয়ে পড়ে। অন্যদিকে এভারগ্রিন বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন এবং দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালান।

ওসি মাহবুব আলম বলেন, আহতদের মধ্যে চালক-হেলপারসহ কয়েকজন নারী যাত্রীর অবস্থা গুরুতর। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।