গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রতিকি ছবি

গাইবান্ধায় চলন্ত ট্রেনে কাটা পড়ে শিহাবুল ইসলাম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শিহাবুল ইসলাম রংপুরের পীরগঞ্জ উপজেলার শীতলপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তিনি গাইবান্ধা শহরের কালিবাড়ী পাড়া এলাকায় থাকেন।

মঙ্গলবার (৯ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা রেলওয়ে পুলিশের আইসি (উপপরিদর্শক) সাহেব গণি। এর আগে সোমবার সন্ধ্যার দিকে শহরের ২নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী ‘পদ্মরাগ এক্সপ্রেস’ ট্রেনটি গাইবান্ধা শহরের ২ নম্বর রেলগেট এলাকায় পৌঁছালে কাটা পড়ে ঘটনাস্থলেই শিহাবুল মারা যান। পরে রাত সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ।

গাইবান্ধা রেলওয়ে পুলিশের আইসি (উপ-পরিদর্শক) সাহেব গণি বলেন, এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে শিহাবুল মানসিক সমস্যায় ভুগছিলেন।