রুমায় অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, গ্রেফতার ১২

রুমায় অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, গ্রেফতার ১২

প্রতিকি ছবি

বান্দরবানের রুমা উপজেলায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার গালেঙ্গা ইউনিয়নের জৈতুন পাড়া এলাকার একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার অবয়ব দেখে বাঙালি নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার ১২ জনের মধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২ জন এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তিনি জানান, মরদেহের মাথায় গুলির চিহ্ন রয়েছে। উদ্ধার করার পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রুমা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জৈতুন পাড়ার জঙ্গলের একটি বাগানে কাজ করতে গেলে সেখানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা আইনশৃঙ্খলাবাহিনীকে খবর দেয়। পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ‘পার্বত্য নাগরিক পরিষদ’ মঙ্গলবার বিকালে বিক্ষোভ সমাবেশ করেছে। সংগঠনের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান এতে বক্তব্য দেন। তিনি অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানান।