ভিন ডিজেলের মৃত্যুর খবরে তোলপাড় নেট দুনিয়ায়!
ছবিঃ সংগৃহীত।
হলিউডের মেগা অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর আইকনিক চরিত্র ‘ডমিনিক টোরেটো’খ্যাত বিশ্বখ্যাত অভিনেতা ভিন ডিজেলের পথদুর্ঘটনায় মৃত্যুর একটি ভুয়া খবরকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এক্স প্ল্যাটফর্মের একটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, অতিরিক্ত গতির কারণে একটি বিলাসবহুল গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন ভিন ডিজেল। ভুয়া খবরটি ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে তার কোটি কোটি ভক্তের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। লাইক ও ভিউ পাওয়ার জন্য একজন জীবিত অভিনেতাকে ‘মেরে ফেলার’ এই মানসিকতার বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনরা।
এক্স প্ল্যাটফর্মের (@worldwide176481) নামের একটি হ্যান্ডেল থেকে করা পোস্টে লেখা হয়, “এইমাত্র পাওয়া খবর: আমেরিকান অভিনেতা ভিন ডিজেল, যিনি ডমিনিক টোরেটো নামে পরিচিত, অতিরিক্ত গতির কারণে হওয়া একটি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। এই একই দুর্ঘটনায় ওঁর প্রিয় বন্ধু পল ওয়াকারও প্রাণ হারিয়েছেন।”
এক্স হেন্ডেল থেকে
পোস্টটির সঙ্গে একটি ছোট ভিডিও ক্লিপও যুক্ত করা হয়েছিল। সেখানে দেখা যায়, একটি দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির স্টিয়ারিং হুইল থেকে ডিফ্লেটেড এয়ারব্যাগ বেরিয়ে রয়েছে। ক্যামেরা একটু জুম-আউট হতেই দেখা যায়, গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং পাশ দিয়ে অন্যান্য গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করছে। তবে পুরো ভিডিওতে কোথাও ভিন ডিজেল বা অন্য কোনো ব্যক্তিকে দেখা যায়নি।
পোস্টটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা কড়া ভাষায় ওই এক্স অ্যাকাউন্টটির সমালোচনা শুরু করেন। কারণ আন্তর্জাতিক কোনো গণমাধ্যম এ ধরনের খবর প্রকাশ করেনি এবং ভিন ডিজেলের পরিবারের পক্ষ থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি। উল্টো অভিনেতা নিজেই তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সদ্য সমাপ্ত কান চলচ্চিত্র উৎসব ২০২৬-এর রেড কার্পেট থেকে নিজের একটি ছবি শেয়ার করেছেন।
এক্স পোস্টে মিথ্যা খবর ছড়ানোর জন্য কমেন্ট বক্সে তোপের মুখে পড়েন ওই ব্যবহারকারী। একজন ক্ষোভ প্রকাশ করে লেখেন, “একেবারে ভুয়া খবর! স্রেফ সস্তা প্রচারের জন্য এই ধরনের ইন্টারনেট হোক্স বা গুজব ছড়ানো হচ্ছে।”
অন্য একজন লিখেছেন, “ভাই, ভিন ডিজেল খুব ভালোভাবেই বেঁচে আছেন। ফালতু খবর ছড়ানো বন্ধ করুন।” আরেকজন কড়া হুঁশিয়ারি দিয়ে লেখেন, “ভুয়া খবর ছড়ানোর জন্য এবার আপনার গ্রেপ্তার হওয়ার লাইনে দাঁড়ানোর পালা।”
তবে মজার মন্তব্য করেন এক অনুরাগী। তিনি লেখেন, “ভাই তো এক লাইনেই ভিন ডিজেল আর পল ওয়াকার—দু’জনকেই একসঙ্গে মেরে দিল! আর সেটাকে আবার খবর বলছে!”
সত্যতা যাচাই করতে এক্স-এর এআই টুল ‘গ্রোক’-এর সাহায্য নেওয়া হলে সেটিও জানায়, “সম্পূর্ণ মিথ্যা। ভিন ডিজেল সুস্থ ও জীবিত আছেন এবং ২০২৬ সালের কান ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন। পল ওয়াকার ২০১৩ সালে একটি সম্পূর্ণ পৃথক সড়ক দুর্ঘটনায় মারা যান। এটি পুরোনো ভিডিও ব্যবহার করে তৈরি একটি রিসাইকেলড সেলিব্রিটি ডেথ হোক্স। দয়া করে এটি শেয়ার করবেন না।”
তবে ভিন ডিজেলকে ঘিরে এমন ঘটনা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার তার মৃত্যুর ভুয়া খবর ছড়ানো হয়েছে। ২০২৫ সালেও ইন্টারনেটে বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছিল, ‘রিডিক’খ্যাত এই অভিনেতা মারা গেছেন। সে সময় কিছু সম্পাদিত ভুয়া শিরোনাম এবং বিকৃত ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল।
চলতি বছরের জানুয়ারিতে ভিন ডিজেল তার ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির শেষ কিস্তির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। সিনেমাটির নাম ‘ফাস্ট ফরএভার’। ছবিটি ২০২৮ সালের ১৭ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।