সিলেটে চার ঘণ্টার অভিযানে ১৫৪ জনের দণ্ড
ফাইল ছবি
মাদক ও অপরাধমুক্ত নগর গড়ার ঘোষণা দিয়ে চিরুণী অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে চার ঘণ্টার চিরুণী অভিযানে ১৫৪ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে। এছাড়া, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ৩২ ঘণ্টার অভিযান চালিয়ে ১৮৬ জনকে গ্রেফতার ও ১৭৭টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
সিলেট নগরীকে মাদক ও অপরাধমুক্ত করার ঘোষণা দিয়েছেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
এই ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে গেল কয়েক দিন ধরে নগরীতে চারদিনের চিরুণী অভিযান পরিচালিত হচ্ছে। জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুলিশ এই অভিযান চালাচ্ছে। প্রমাণসহ হাতেনাতে কোন মাদকসেবী, কারবারি, ছিনতাইকারী কিংবা জননিরাপত্তবিঘ্নকারী আটক হলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে অর্থ কিংবা কারাদণ্ড দেওয়া হচ্ছে। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মহানগরীতে চিরুণী অভিযান চালায় পুলিশ।
এসময় বিভিন্ন অপরাধে ১৫৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়। এর মধ্যে কোতোয়ালী থানায় ৩৪ জন, জালালাবাদে ২১ জন, এয়ারপোর্টে ২৬ জন, দক্ষিণ সুরমায় ২৭ জন, মোগলাবাজারে ১৯ জন ও শাহপরাণ থানা এলাকা থেকে ২৭ জনকে আটক করে দণ্ড দেওয়া হয়।
এদিকে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ৩২ ঘণ্টার মহানগরী থেকে ১৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম। এসময়ের মধ্যে ১৭৭টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।