ফিনল্যান্ডে লুকানো গুপ্তধন, খুঁজে পেলেই ২৮ লাখ টাকার সোনার বার আপনার
ফাইল ছবি।
সান্তা ক্লজের আবাসভূমি ও নার্নিয়ার জাদুকরী বিশ্বের মতো প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত ফিনল্যান্ডের (Finland) ল্যাপল্যান্ড এবার পর্যটকদের জন্য ভিন্নধর্মী এক আয়োজন নিয়ে এসেছে।রেইনডিয়ার ভ্রমণের বদলে পর্যটকদের আমন্ত্রণ জানানো হচ্ছে গ্রীষ্মজুড়ে চলা এক গুপ্তধন অনুসন্ধানের (treasure hunt) অভিযানে।
অভিযানে অংশ নেওয়া ব্যক্তিরা উত্তর ফিনল্যান্ডের জনপ্রিয় রিসোর্ট শহর লেভির (Levi) বিভিন্ন পথ, দর্শনীয় স্থান ও প্রাকৃতিক নিদর্শন ঘুরে দেখবেন। তাদের লক্ষ্য থাকবে ২০ হাজার ইউরো বা প্রায় ২৩ হাজার ৩০০ ডলার মূল্যের একটি সোনার বার খুঁজে বের করা। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ২৮ লাখ ২৪ হাজার টাকা। (১ ডলার= ১২২.৮০ টাকা রেটে)
গত ২ জুন প্রকাশিত ‘ভিজিট লেভি’র এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মিডনাইট সান হান্ট’ নামের এই অভিযান শুরু হবে ১৮ জুন। অভিযানের সূচনা হবে লেভি ভিজিটর সেন্টার থেকে।
অংশগ্রহণকারীরা সেখান থেকে প্রথম সূত্র সংগ্রহ করতে পারবেন ও অভিযানের জন্য নিবন্ধন করবেন। এরপর ধারাবাহিকভাবে আরও সূত্র প্রকাশ করা হবে। এসব সূত্র অনুসরণ করে অভিযাত্রীরা স্থানীয় ট্রেইল, পর্যটনকেন্দ্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছাবেন। প্রতিটি সূত্র তাদের গুপ্তধনের আরও কাছে নিয়ে যাবে।
আয়োজকদের মতে, যে কোনো সূত্র অনুসরণ করার পরই সোনার বারটি পাওয়া যেতে পারে। পাশাপাশি পুরো গ্রীষ্মজুড়ে নতুন নতুন ইঙ্গিত প্রকাশ করা হবে, যা ধীরে ধীরে গুপ্তধনের অবস্থান শনাক্ত করা সহজ করবে।
সবশেষ সূত্র প্রকাশ করা হবে আগামী ২২ আগস্ট।
আর্কটিক সার্কেলের ওপরে অবস্থিত লেভি মূলত ফিনল্যান্ডের অন্যতম সেরা স্কি গন্তব্য হিসেবে পরিচিত। শীতকালে এটি স্কি ঢাল ও নর্দার্ন লাইটস দেখার জন্য জনপ্রিয় পর্যটনকেন্দ্র।
তবে গ্রীষ্মকালে অঞ্চলটিতে দেখা যায় ‘মিডনাইট সান’ বা মধ্যরাতের সূর্য। বছরের নির্দিষ্ট সময়ে ল্যাপল্যান্ডে তখন ২৪ ঘণ্টাই সূর্যের আলো থাকে।
ভিজিট লেভি তাদের বিবৃতিতে গ্রীষ্মকালীন এই সময়কে একটি ‘অজানা রত্ন’ হিসেবে বর্ণনা করেছে, যা এখনও অনেক পর্যটকের কাছে অচেনা। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা সাতু পেসোনেন বলেন, লেভি মূলত শীতকালীন গন্তব্য হিসেবেই পরিচিত। কিন্তু উত্তরের গ্রীষ্ম এখনো অনেক মানুষের কাছে অজানা।
তিনি আরও বলেন, আমরা ভ্রমণপ্রেমীদের জন্য নতুন একটি কারণ তৈরি করতে চাই, যাতে তারা এমন সময়ে লেভিতে আসেন, যখন সূর্য অস্ত যায় না এবং পাহাড়ি প্রকৃতি নিজেকে সম্পূর্ণ ভিন্ন রূপে তুলে ধরে।
ইউরোপের অনেক শীতকালীন পর্যটনকেন্দ্রের মতো লেভি স্কি রিসোর্টও সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের কার্যক্রম বৈচিত্র্যময় করেছে। এখন সেখানে তুষারবিহীন মৌসুমে প্যারাগ্লাইডিং, হাইকিং, নদীতে রাফটিং এবং মাউন্টেন বাইকিংয়ের মতো কার্যক্রমও চালু রয়েছে।
‘মিডনাইট সান হান্ট’ আয়োজনটি পরিচালনা করছে কিত্তিলা-ভিত্তিক স্বর্ণখনি কোম্পানি অ্যাগনিকো ঈগল ফিনল্যান্ড ও লেভি স্কি রিসোর্ট যৌথভাবে।
অভিযানে অংশ নিতে আগ্রহীদের দায়িত্বশীল আচরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের অনুমোদিত এলাকার মধ্যেই চলাফেরা করতে হবে ও প্রাকৃতিক পরিবেশের প্রতি সম্মান দেখাতে হবে।
আয়োজকরা জানিয়েছেন, গুপ্তধন খুঁজে পেতে কোনো ধরনের খোঁড়াখুঁড়ি বা ভূমির ক্ষতি করার প্রয়োজন হবে না।