সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ কত?

সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ কত?

ছবি: সংগৃহীত

সম্প্রতি আলোচনার টেবিলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বাজেট। চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন মহলে এই ইস্যুটি ছিল চর্চার বিষয়। বৃহস্পতিবার (১১ জুন) মহান জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবারের জাতীয় বাজেটের মোট আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

মন্ত্রণালয়/বিভাগ অনুযায়ী বাজেট বরাদ্দের তালিকায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ৮২৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরের তুলনায় এবারের বাজেটে বরাদ্দ বেড়েছে এ অঙ্গনের জন্য। চলতি অর্থবছরে সংস্কৃতি মন্ত্রণালয়ের মূল বাজেট বরাদ্দ ছিল ৮২৪ কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে তা কমে দাঁড়ায় ৭৫৩ কোটি টাকায়। 

প্রস্তাবিত এই বরাদ্দের মধ্যে পরিচালন ব্যয়ের জন্য রাখা হয়েছে ৪৮৫ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য ৩৪১ কোটি টাকা। পূর্বাচলে ১৬০ একরের বিশাল ক্রিয়েটিভ হাব তৈরির পরিকল্পনা রয়েছে। 

এবারের বাজেটে ক্রিয়েটিভ অর্থনীতিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে সরকার। বাজেট বক্তব্যে বলা হয়েছে, সৃজনশীল শিল্পের বিপুল অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ খাতকে জাতীয় অর্থনীতির মূলধারায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা সংস্কৃতি ও সৃজনশীল শিল্পখাতের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।