ড. খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

ড. খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

ড. খলিলুর রহমান

জাতিসংঘ সদরদফতরে অনুষ্ঠিত ভোটে ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে মন্ত্রিসভার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

এক গেজেটে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রজ্ঞা, দূরদর্শিতা ও বলিষ্ঠ নেতৃত্ব এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের সর্বাত্মক প্রচেষ্টা ও প্রচারণার ফলে জাতিসংঘের ৮১-তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়া সম্ভব হয়েছে। মন্ত্রিসভা মনে করে যে, এই বিজয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সদস্যদেশসমূহের আস্থা ও কূটনৈতিক সম্প্রীতির সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে।

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার মাধ্যমে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর হওয়ায় মন্ত্রিসভা ড. খলিলুর রহমানকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছে।

মোট ১৯০ ভোটের মধ্যে সাধারণ পরিষদের সভাপতি পদে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে ৮ ভোটে পরাজিত করে এক বছরের জন্য সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন ড. খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জাতিসংঘের ৮১-তম সাধারণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।