চলতি মাসেই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

চলতি মাসেই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান

 

চলতি মেয়াদে সরকার গঠনের পর দ্বিতীয় রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে আগামী জুন মাসের শেষদিকে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন দিগন্তের উন্মোচন করবে এবং দুই দেশের সমন্বিত কৌশলগত সহযোগিতাকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।

বৃহস্পতিবার (১১ জুন) চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে অনুষ্ঠিত ‘সপ্তম চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরাম’-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান। এই কো-অপারেশন ফোরামে ডেপুটি স্পিকারের নেতৃত্বে বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধিদল অংশ নেয়।

অধিবেশনে ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে কায়সার কামাল বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঐতিহাসিক ও দীর্ঘদিনের।

১৯৭৭ ও ১৯৮০ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক চীন সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির প্রবর্তক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কের দৃঢ় ভিত্তি রচিত হয়েছিল। এর ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৯৯১ ও ২০০২ সালের চীন সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। একই সঙ্গে তিনি আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) গঠনে জিয়াউর রহমানের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করেন।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট টেনে ডেপুটি স্পিকার বলেন, ‘জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, উন্নয়নশীল দেশগুলোর ক্রমবর্ধমান ঋণের বোঝা ও বিশ্ববাণিজ্যের অস্থিতিশীলতার মতো বড় চ্যালেঞ্জগুলো কোনো একক দেশের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। এসব সংকট উত্তরণে আঞ্চলিক সহযোগিতা এখন সবচেয়ে বেশি অপরিহার্য।’

এ সময় তিনি ডিজিটাল ও অর্থনৈতিক বহুমুখী উদ্যোগ, আন্তঃসীমান্ত অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য করিডোর, ডিজিটাল হাইওয়ে নির্মাণ এবং শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন খাতে দুই দেশের যৌথ বিনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় দেশের জনগণ ও অর্থনৈতিক সংযোগ বাড়ানোর ওপর জোর দেন।

ফোরামে অংশ নেয়া বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এমপি, বিএনপির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব এবং সংরক্ষিত নারী আসনের স্বতন্ত্র সংসদ সদস্য জেসমিন সুলতানা জুঁই।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান। আগামী ২১ ও ২২ জুন দুই দিনের সফরে তার কুয়ালালামপুর যাওয়ার প্রস্তুতি চলছে। গত বুধবার (১০ জুন) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর এই প্রথম বিদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।