আদ্-দ্বীন হাসপাতালের নিয়মিত কার্যক্রম চালু রাখার দাবি

আদ্-দ্বীন হাসপাতালের নিয়মিত কার্যক্রম চালু রাখার দাবি

ফাইল ছবি

সম্প্রতি ৬ নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ আদেশের বিরুদ্ধে সরকারের কাছে আপিল করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ৩০ দিনের সময় দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ আপিল করবে। একই সাথে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত রোগীদের স্বার্থ বিবেচনায় হাসপাতালের নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনার পরও হাসপাতালের সব ধরনের চিকিৎসাসেবা স্বাভাবিকভাবে চালু রয়েছে। বর্তমানে হাসপাতালে ৪১৬ জন রোগী ভর্তি আছেন। এছাড়া ১১ জুন প্রায় এক হাজার রোগীকে বহির্বিভাগে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, বর্তমানে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ)-তে ৬০ জন, নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে ২০ জন এবং করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-তে ৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।