পানের বরজে গাঁজা চাষ, মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফাইল ছবি
রাজশাহীর পুঠিয়া উপজেলায় পানের বরজে গাঁজা চাষের অভিযোগে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। এ সময় তার বরজ থেকে ৬টি গাঁজা গাছ জব্দ করা হয়।
র্যাব-৫ সূত্রে জানা গেছে, বুধবার রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল পুঠিয়া থানার কাজুপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে একটি পানের বরজ থেকে প্রায় ১২ ফুট উচ্চতার ৬টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজা গাছগুলোর আনুমানিক ওজন সাড়ে ৮ কেজি।
এ ঘটনায় গ্রেফতার করা হয় সাহাবুর মোল্লা পুঠিয়া উপজেলার কাজুপাড়া গ্রামের বাসিন্দা মমিন মোল্লার ছেলে মো. সাহাবুর মোল্লাকে (৩৫)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাবুর মোল্লা স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা গাছ চাষ করে স্থানীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। জব্দকৃত গাঁজা গাছগুলো বিক্রির উদ্দেশ্যেই তিনি চাষ করেছিলেন। এ ঘটনায় পুঠিয়া থানায় মামলা হয়েছে।