নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
ফাইল ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানা বাড়ি বেড়াতে এসে ডোবার পানিতে পড়ে আব্দুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান একই উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কুন্দুলপাড়া এলাকার আল আমিনের ছেলে। নাকাই ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে শিশুটি তার মা শিউলি বেগমের সঙ্গে নানা আব্দুল খালেকের বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আব্দুর রহমান উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে শিশুটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আশপাশের বাড়িতেও তাকে পাওয়া যায়নি। পরে বাড়ির সামনের ডোবায় নেমে খোঁজা-খুঁজির একপর্যায়ে শিশু আব্দুর রহমানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
শিশুটির মা শিউলি বেগম বলেন, খেলতে দেখে আমি বাড়ির ভেতরে যাই, কিছুক্ষণ পর বের হয়ে এসে দেখি আব্দুর রহমান নেই। পরে ডোবা থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
শিশুটির বাবা আল আমিন বলেন, সকালে মা ও ছেলেকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা, পথেই ছেলে মারা যাওয়ার খবর পাই। আমি ছেলের শোক সইবো কী করে?।