পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ১
ফাইল ছবি
মাদারীপুরে পিকআপ ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ ইজিবাইক যাত্রী। বৃহস্পতিবার সকালে রাজৈর উপজেলার টেকেরহাট-কবিরাজপুর সড়কের তাতিকান্দা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কবিরাজপুর থেকে টেকেরহাট আসছিল ইজিবাইকটি। এসময় বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইক চালক শামীম মুন্সীকে মৃত ঘোষণা করেন এবং অপর আহত ৩ জনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত শামীম মুন্সী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দি গ্রামের কাশেম মুন্সীর ছেলে।
এ ঘটনায় পিকআপটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম।