কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু
ফাইল ছবি
ঢাকা কেন্দ্রীয় কারাগারে শ্রী প্রদীপ কুমার (৪৬) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাতে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রদীপ কুমার বগুড়া সদর উপজেলার নামাজগড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত নিতাই চন্দ্র। তিনি কোন মামলার আসামি ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কারারক্ষী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে প্রদীপ কুমার ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন।
কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে রাত ১০টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা করে ১১টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।