কুড়িগ্রামে প্রীতি ম্যাচে ব্রাজিল সমর্থক পুলিশ দলের জয়
সংগৃহীত ছবি
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক পুলিশ সদস্যদের প্রীতি ফুটবল ম্যাচ। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে শেষ পর্যন্ত জয় পেয়েছে ব্রাজিল সমর্থক পুলিশ দল।
শুক্রবার বিকেলে নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। নাগেশ্বরী থানার পুলিশ সদস্যরা দুই দলে বিভক্ত হয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক হিসেবে মাঠে নামেন।
ম্যাচে আর্জেন্টিনা সমর্থক দলের নেতৃত্ব দেন নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। ব্রাজিল সমর্থক দলের নেতৃত্ব দেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হীল জামান।
৩০ মিনিটের ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনা সমর্থক দল ১-০ গোলে এগিয়ে থাকে। তবে দ্বিতীয়ার্ধে পরপর দুই গোল করে ম্যাচে ফিরে আসে ব্রাজিল সমর্থক দল। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। এ সময় নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হীল জামান বলেন, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দেশে ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে। সেই আনন্দ ভাগ করে নিতে এবং দীর্ঘদিন পর মাঠে খেলায় অংশ নিতে পেরে সবাই আনন্দিত।
উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা বলেন, এ ধরনের আয়োজন প্রশংসনীয়। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব।