নীলফামারীতে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি

নীলফামারীতে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি

সংগৃহীত ছবি

বিশ্বফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলকে ঘিরে নীলফামারীতে দেখা গেছে তুমুল উচ্ছ্বাস। দুই দলের সমর্থকদের পাল্টাপাল্টি বর্ণাঢ্য র‍্যালিতে শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

শুক্রবার বিকেলে শহরের ঐতিহাসিক বড় মাঠ প্রাঙ্গণে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকরা নিজ নিজ দলের জার্সি পরে জড়ো হন। স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এরপর একে একে দুই দলের সমর্থকরা বিশালাকৃতির পতাকা নিয়ে পৃথক র‍্যালি বের করেন।

র‍্যালি দুটি শহরের প্রধান সড়ক ধরে এগিয়ে চৌরঙ্গী মোড়ে পৌঁছালে সৃষ্টি হয় ভিন্ন দৃশ্য। দুই দলের সমর্থকরা শান্তিপূর্ণ পরিবেশে একে অপরকে টেক্কা দিয়ে স্লোগান দিতে থাকেন।

পরে র‍্যালিগুলো থানা মোড়, কালীবাড়ি মোড়, বাস টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে কয়েকশ ফুটবলপ্রেমী তরুণ, যুবকসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। সমর্থকদের হাতে ছিল প্রিয় খেলোয়াড়দের ছবি, প্ল্যাকার্ড এবং ১০০ থেকে ১৫০ ফুট লম্বা পতাকা।

আর্জেন্টিনা সমর্থকরা জানান, তাদের দলের শৈল্পিক খেলাই তাদের কাছে বড় আকর্ষণ। অন্যদিকে ব্রাজিল সমর্থকরা বলেন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে তাদের দলই সেরা, মাঠের খেলায় সেটি প্রমাণ হবে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও র‍্যালি দুটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। ফুটবলকে কেন্দ্র করে নীলফামারীতে সৌহার্দ্য ও উৎসবের এক অনন্য দৃষ্টান্ত তৈরি হয়েছে।