সিলেটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতিকি ছবি
সিলেটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের নিজচাউরা পশ্চিম গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো- ওই গ্রামের আলী আহমদের মেয়ে আনিসা বেগম (৪) ও ভাগ্নি ফারিয়া বেগম (৫)।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলতে গিয়ে শিশু দুটি নিখোঁজ হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বাড়ির পুকুরে তল্লাশি চালিয়ে শিশু দুটিকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাদের কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে শিশু দুটির মরদেহ থানায় নেওয়া হলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
কানাইঘাট থানার ওসি মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, আইনী প্রক্রিয়া সম্পন্ন করে শিশু দুটির মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।