পিরোজপুরে বিশ্বকাপ উন্মাদনায় রাস্তায় আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের ঢল

পিরোজপুরে বিশ্বকাপ উন্মাদনায় রাস্তায় আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের ঢল

সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে পিরোজপুরে ফুটবল উন্মাদনায় ভাসছে তরুণরা। আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের পৃথক শোভাযাত্রায় শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

শুক্রবার বিকেলে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে পৃথক সময়ে শোভাযাত্রা বের করে দুই দলের সমর্থকরা। পায়ে হাঁটা ও মোটরসাইকেল নিয়ে শতশত সমর্থক এতে অংশ নেন। প্রিয় দলের প্রতি ভালোবাসা জানাতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই আয়োজনে যোগ দেন।

ব্যানার, ফেস্টুন ও প্রিয় খেলোয়াড়দের জার্সি গায়ে জড়িয়ে সব বয়সী মানুষ অংশ নেন এ উৎসবে। গানের তালে নেচে-গেয়ে পুরো শহরকে উৎসবের নগরীতে পরিণত করেন তারা।

একই স্থান থেকে শোভাযাত্রা শুরু হলেও বিকেল সাড়ে চারটায় প্রথমে ব্রাজিল সমর্থকরা র‌্যালি বের করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেকুটিয়া ব্রিজের দিকে যায়। পরে একই মাঠ থেকে বিশাল আর্জেন্টিনার পতাকা নিয়ে শোভাযাত্রা বের করেন দলটির সমর্থকরা। তাদের মিছিলও শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেওয়া সমর্থকরা জানান, প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই এ আয়োজন। পাশাপাশি বিশ্বকাপে জয়ের বিষয়ে আশাবাদী দুই দলের ভক্তরাই। তারা বলেন, প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তা সৌহার্দ্যপূর্ণ থাকবে।

একই সময়ে দুই দলের শোভাযাত্রাকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, ফুটবল বিশ্বকাপের এই উচ্ছ্বাস যেন আনন্দ ও শোভাযাত্রার মধ্যেই সীমাবদ্ধ থাকে