ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কামারখোলা এলাকায় মাওয়ামুখী ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর রেলওভার ব্রিজে ওঠার ঢালে সার্ভিস রোডে এক ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে গুরুতর আহত অবস্থায় তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পাওয়ার পরপরই দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।