সিরাজগঞ্জে বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে কলেজছাত্রের মৃত্যু
ছবিঃ সংগৃহীত।
সিরাজগঞ্জের রায়গঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সিফু আহমেদ আসিফ (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার ভোর ৩টার দিকে রায়গঞ্জ-পাঙ্গাসী আঞ্চলিক সড়কের রায়গঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসিফ উপজেলার ধানগড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি রায়গঞ্জ সরকারি বেগম নুরুন নাহার তর্কবাগীশ অনার্স কলেজের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ফুটবল খেলা দেখে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আসিফ। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দেয়ালে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাঁকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, “মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”