রাজারহাটে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইউএনও’র বৃক্ষরোপণ

রাজারহাটে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইউএনও’র বৃক্ষরোপণ

ছবিঃ সংগৃহীত।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিশামত নাখেন্দা এলাকায় খালের পাড়ে বৃক্ষরোপণ করা হয়।

শনিবার (১৩ জুন) আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির প্রধান অতিথি ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ তানজিলা তাসনিম।

তিনি বলেন, “পরিবেশ সুরক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, এগুলোর পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী আরিফুল ইসলাম লাভলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাঈদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহমেদ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরিফুল ইসলাম, উপজেলা নাজির মো. এরশাদুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জামায়াতের আমির মাওলানা কফিল উদ্দিন, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস এবং সাধারণ সম্পাদক প্রহলাদ মণ্ডল সৈকত।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব মো. নয়ন আলী, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এ ছাড়া রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মিজ তানজিলা তাসনিম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের সামনেও বৃক্ষরোপণ করেন।

কর্মসূচির আওতায় খালের পাড়জুড়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। খালের পাড়ে বৃক্ষরোপণের ফলে একদিকে যেমন পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে ভূমিক্ষয় রোধ ও পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।